প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬

চট্টগ্রাম, ১৬ নভেম্বর ২০২৬: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ আজ সোমবার (১৬-১১-২০২৬) রাঙামাটিস্থ কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাঁট এলাকায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙামাটিস্থ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে। বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখবে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।