প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬
প্রকাশিত:

তথ্য প্রতিবেদক:
রাজনৈতিক পটপরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, ক্ষমতার অপব্যবহার, মামলা ও আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে চরম সংকটে পড়েছে খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। এতে বিশ্ববিদ্যালয়টির প্রায় তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
২০১২ সালের ১৮ নভেম্বর ১৭ জন প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এছাড়া দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ শীর্ষ নেতাদের স্ত্রী ও ঘনিষ্টজনরা ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক ট্রাস্টি আত্মগোপনে চলে গেলে বিএনপি সমর্থিত অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পান।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২১ মে এক সভায় সিরাজুল হক’কে অবৈধভাবে সরিয়ে মিজানুর রহমান নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন এবং সৈয়দ হাফিজুর রহমানকে সদস্য-সচিব ঘোষণা করেন। পরে মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হকের বিরুদ্ধে ট্রাস্টি বোর্ডের সদস্যপদ অবৈধভাবে দখলের অভিযোগ ওঠে। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রতিষ্ঠাতা ট্রাস্টি পবিত্র কুমার সরকারকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার এবং অন্য প্রতিবাদী সদস্যদেরও বিভিন্ন মামলায় হয়রানি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এদিকে, ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হয়রানি অব্যাহত রাখার অভিযোগও রয়েছে। এমনকি প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্যদের কয়েকজনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে দাবি সংশ্লিষ্টদের।
এসব কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাস্টি পবিত্র কুমার সরকার ২০২৫ সালের ৩ মার্চ খুলনার সিনিয়র সহকারী জ্যেষ্ঠ বিচারিক আদালতে দেওয়ানি-৩৫/২০২৫ নম্বরে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ১৩ জানুয়ারি আদালত মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হকের ট্রাস্টি সদস্যপদ অবৈধ ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২৫ সালের ১২ নভেম্বর এক আদেশে জানায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর জয়েন্ট স্টক কোম্পানিজে নিবন্ধিত ১৭ সদস্যের ট্রাস্টি বোর্ড আইনসম্মত। একই সঙ্গে ৬৬তম বোর্ড সভায় কোরাম পূরণ না হওয়ায় ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচন এবং ৬৮তম ও ৬৯তম সভায় কোরাম পূরণ না হওয়ায় মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান ও আজিজুল হককে ট্রাস্টি সদস্য অন্তর্ভুক্ত করা আইনসম্মত হয়নি বলে উল্লেখ করা হয়।
তবে আদালতের আদেশ ও ইউজিসির নির্দেশনার পরও বিরোধের অবসান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অবিলম্বে বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ, আদালতের রায় বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান দাবি করেন, উল্লেখিত অভিযোগ সত্য নয়। বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।