২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:০১

শুরু হলো ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ বুধবার (২৮-১০-২০২৬) রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৫ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

প্রতিযোগিতার প্রথম দিনেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাজিমাত করেছে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের ২টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাঁতারের ৫টি এবং ডাইভিংয়ের ১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এসব ইভেন্টে দক্ষতা, গতি ও ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে সাফল্য অর্জন করেন। প্রথম দিনেই ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক অর্জনের পাশাপাশি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন তাঁরা।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সাঁতারুদের সাফল্য উদ্‌যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে কৃতী সাঁতারুদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়। থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ Thailand Age Group Swimming Championships-এ বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৮০তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে বাংলাদেশের ফয়সাল আহমেদ স্বর্ণ ও পলাশ চৌধুরী রৌপ্য পদক এবং মহিলা বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে সোনিয়া আক্তার রৌপ্য পদক অর্জন করেন। একই প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ৮১ কিলোমিটার সাঁতারে পলাশ চৌধুরী রৌপ্য ও নুরুল ইসলাম ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাঁদের এ কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকেও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাঁতার ও ডাইভিংয়ে নৌবাহিনীর ধারাবাহিক সাফল্য বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা, অধ্যবসায় ও পেশাগত উৎকর্ষের প্রতিফলন। ক্রীড়াক্ষেত্রে এ অর্জন ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন