১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:০০

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: একই নামের বিভ্রান্তিতে প্রকৃত অভিযুক্তের পরিবর্তে নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করে ডাকাতির মামলায় আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। প্রকৃত আসামিকে গ্রেপ্তার এবং নির্দোষ সোহানুর রহমান মিরাজের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোহানুর রহমান মিরাজের বোন আসমা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি জানান, কয়েক মাস আগে বরিশালে একটি ডাকাতির ঘটনায় স্যামসাং কোম্পানির একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে খুলনার বাগমারা এলাকার সবেদাতলা নিবাসী মো. মিরাজ নামের এক ব্যক্তি চুরি হওয়া ফোনটি খুলনার শিমুল নামের একজনের কাছে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

ফোনটির অবস্থান শনাক্তের সূত্র ধরে শিমুলকে আটক করা হলে তিনি মিরাজ নামের ওই ব্যক্তির কাছ থেকে ফোনটি কেনার কথা জানান। এমনকি প্রয়োজনে মিরাজকে শনাক্ত করে দেওয়ার কথাও বলেন। পরে প্রকৃত অভিযুক্ত মিরাজের মোবাইল নম্বর সংগ্রহ করতে গিয়ে ভুল তথ্যের কারণে সোহানুর রহমান মিরাজের নম্বর পুলিশের হাতে পৌঁছে যায়।

পরিবারের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানার নির্দেশে এসআরবি-৬ প্রকৃত অভিযুক্তকে গ্রেপ্তার না করে সোহানুর রহমান মিরাজকে আটক করে। অথচ দুই ব্যক্তির নাম ছাড়া বয়স, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ অন্য কোনো পরিচয়েরই মিল নেই।

গ্রেপ্তারের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন আসমা খাতুন। প্রথমে তাকে হরিণটানা থানায় নেওয়া হয়। পরে পিরোজপুর সদর থানা পুলিশ তাকে সেখানে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এমনকি তার বিরুদ্ধে রিমান্ডের আবেদনও করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আসমা খাতুন প্রশ্ন তুলে বলেন, একই নামের দুই ব্যক্তির পরিচয় যাচাই না করে কীভাবে একজন নির্দোষ মানুষকে গ্রেপ্তার করা হলো? জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার নাম, বয়স ও স্থায়ী ঠিকানা যাচাই করা কি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না?

তিনি আরও দাবি করেন, প্রকৃত অভিযুক্ত মিরাজ এখনো খুলনার বাগমারা এলাকার সবেদাতলায় অবস্থান করছেন। তার পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার পরও তাকে গ্রেপ্তার না করে নির্দোষ ভাইকে কারাগারে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সোহানুর রহমান মিরাজের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিচয়গত তথ্য যাচাই, প্রকৃত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং নির্দোষ ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুল পরিচয়ে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন