প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬

মোস্তফা রেজানুল করীম, কয়রা : সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগের ধারাবাহিক অভিযানে গত ১০ মাসে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১৮৮ বোতল বিষসহ বিপুল পরিমাণ মাছ, হরিণের মাংস, অবৈধ কাঁকড়া ধরার সরঞ্জাম ও নৌযান জব্দ করা হয়েছে। তবে এত অভিযান ও গ্রেপ্তারের পরও সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধ হচ্ছে না। এতে হুমকির মুখে পড়ছে বনের জলজ প্রাণী ও জীববৈচিত্র্য।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৮৮ বোতল বিষ, ৩ হাজার ৭৬০ কেজি মাছ, ৫২২ কেজি হরিণের মাংস, হরিণ ধরার ২ হাজার ৮৯২ মিটার ফাঁদ, ২৯টি ট্রলার ও ৪০৫টি নৌকা জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দড়ি, ৪ হাজার ১৪২ কেজি কাঁকড়া ও ১ হাজার ২৭৩ কেজি মধু জব্দ করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ‘রিপকর্ড’ নামের কীটনাশক প্রয়োগ করে চিংড়ি শিকারের অভিযোগ রয়েছে। ছিচখালি, বুন্দ, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, মার্কি, আন্দারমানিক ও শাপখালিসহ বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চলছে।
গত ২৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের নলিয়ান ফরেস্ট স্টেশনের আওতাধীন মার্কি খালে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করে বন বিভাগ। তাঁদের কাছ থেকে ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে আরও চার জেলেকে আটক করা হয়। এ সময় চার বোতল বিষ, নিষিদ্ধ জাল ও প্রায় ২০০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বিষ দিয়ে মাছ শিকারের ক্ষতিকর দিক তুলে ধরে জেলেদের সচেতন করতে কর্মশালাও করা হচ্ছে।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিষ প্রয়োগে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষের রাসায়নিক উপাদান ও পরিবেশের ওপর এর প্রভাব জানতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। তাঁর মতে, অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারি ও অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।