প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রকাশিত:

তথ্য প্রতিবেদক:
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খুলনায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার সকালে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার এলাকার লোহার গেট ও আশপাশের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালিত হয়। অগ্রযাত্রা যুব সংস্থার আয়োজনে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ময়লা-আবর্জনা পরিষ্কার, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হয়।
অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা কর্মকর্তা শফিকুজ্জামান, দলনেতা শেখ আল আমিন ও সোহাগ তালুকদার, দলনেত্রী মরিয়ম বেগম ও তাসলিমা আক্তারসহ বাহিনীর সদস্যরা অংশ নেন।
এছাড়া আনসার উন্নয়ন ব্যাংকের কালীগঞ্জ শাখার কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, বিডি ক্লিনের অতিরিক্ত সমন্বয়ক (লজিস্টিক) মিরাজ শেখ, হাতেখড়ি কোচিং সেন্টারের পরিচালক তাওহীদুর রহমান এবং স্বেচ্ছাসেবক রুনা ইয়াসমিন, রমজান শেখ, আবির হাসান, ইমরান, ফয়সাল শেখ, তানভীর, জোসনা খাতুন, মো. রাব্বি, চয়ন শেখ, তানজিদ, আবরার, আরহামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা গ্রহণ করলেই হবে না; এর পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, রাস্তা, নালা-নর্দমা কিংবা আশপাশের যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও জমে থাকা পানি বা ময়লা-আবর্জনা দেখা গেলে তা দ্রুত অপসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।
অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।