প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনা নগর ভবনের পাশে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণ ও কিছু সময় পরে ফিরে আসা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাকে কয়েকজন লোক মটর সাইকেলযোগে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তাকে কেউ অপহরণ করেনি।
তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, কারা এ ঘটনায় জড়িত, তা অনুসন্ধান শুরু হয়েছে। তন্ময় মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।
পুলিশ জানায়, কাগজপত্র দেখানোর কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।