
আলী আজীম, মোংলা : “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য মোংলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে জাতীয় ও অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১টায় মোংলা পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে কারিতাস খুলনা অঞ্চল (SDDB) প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্ট পলস মিশনারিতে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরবর্তীতে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. মাসুদ রানা, সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মন্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র প্রজেক্ট অফিসার রবিন গোলদার সহ কারিতাস এসডিডিবি প্রকল্পের প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, আগামী প্রজন্মের মাঝে আমাদের সচেতনতা তৈরি করতে হবে, প্রবীণরা আমাদের কাছে বোঝা নন, বরং তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা নতুনরা গ্রহণ করতে পারবে। প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা আগামী দিনে অনেক বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবে।
তিনি আরো বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সবার দায়িত্ব।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রবীণ সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় ৮টি ক্লাবের প্রবীণ সদস্যগণ উপস্থিত থেকে অংশ নেন।
উল্লেখ্য, কারিতাস একটি জাতীয় ও অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা ১৯৬৭ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজ থেকে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী ব্যাক্তি এবং প্রবীণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা প্রদান করা।