প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬

তথ্য প্রতিবেদক : মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি তথা সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রেখে চলেছে। মোংলা বন্দরকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমে যাবে।
আজ মঙ্গলবার দুপুরে মংলা পোর্ট অডিটরিয়াম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বন্দরের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অব্যবহিত পরই নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম মোংলা বন্দর পরিদর্শন করে বন্দরের সার্বিক উন্নয়ন ও মোংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনয়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, তাঁর পূর্ববর্তী অভিজ্ঞতা ও সুদূর প্রসারী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দর ব্যবহারকারী, স্টেক হোল্ডার, শিপিং এজেন্টস, সিএন্ডএফ এজেন্ট, স্টিভেডরসহ সব ধরণের ব্যবসায়ীদের সাথে নিয়মিত মতবিনিময় ও বৈঠক করছেন। বন্দরের প্রাণ জাহাজ আগমনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে Internal Business Development Standing Committee গঠনের মাধ্যমে জাহাজের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া অব্যহত রয়েছে।
মতবিনিময় সভায় তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষে মোট ৮১৫ টি জাহাজ আগমন করে। এই সময়ে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৯১ লক্ষ ৫০ হাজার মে: টন। এ অর্থবছরে বন্দরে ১ কোটি ২২ লক্ষ ৫১ হাজার মে: টন কার্গো হ্যান্ডলিংয় করা হয়েছে। এছাড়া কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার টিইইউজ। এ অর্থবছরে বন্দরে ২৯ হাজার ৭১৪ টিইইউজ কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে।
এই অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪৭ কোটি ৮৭ লক্ষ টাকা। এ অর্থবছরে বন্দরে ৩৮৭ কোটি ৯৫ লক্ষ ১২ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। যা গত বছরের তুলনায় ১১.৭৬% বেশি।
উল্লেখ্য যে, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১২০৭৫ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে; যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪৯৬ টি বেশি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন), প্রকৌশলী শেখ শওকত আলী, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা), কমান্ডার এস এম আফজালুল ইসলাম প্রধান নিরাপত্তা কর্মকর্তা, কালাচাঁদ সিংহ,পরিচালক (বোর্ড), ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, হারবার মাস্টার, উপপরিচালক (জনসংযোগ ), প্রকৌশলী সগীর আহমেদ, প্রোগ্রামার, মোঃ শামীম হাওলাদার, সহকারী ট্রাফিক ম্যানেজার ও মোঃ সালাহ্ উদ্দিন কবির, উপ পরিচালক (জনসংযোগ)