প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬

চট্টগ্রাম, ০১ নভেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা, পারস্পরিক পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ সক্ষমতা জোরদারের লক্ষ্যে জাহাজটি যৌথ প্রশিক্ষণ মহড়া Cooperation Afloat Readiness and Training (CARAT)-2026-এ অংশগ্রহণ করবে।

জাহাজটির অধিনায়ক লেঃ কমান্ডার মেরি সেনোইট (Lt Commander Mary Senoyuit) এর নেতৃত্বে ৬৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোঃ মাহবুবুল হাসান জাহাজের অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাজটির আগমন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজটিকে বরণ করে নেয়। এই আনুষ্ঠানিক অভ্যর্থনা দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতিফলন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক লেঃ কমান্ডার মেরি সেনোইট (Lt Commander Mary Senoyuit), হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হবে। এ ছাড়া আগামীকাল সোমবার (০২-১১-২০২৬) চট্টগ্রামস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (SMWT)-এর অডিটোরিয়ামে CARAT-2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সফরকারী জাহাজের অধিনায়ক, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, আগামী ০২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া CARAT-2026 মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR, US Navy-এর P-8A উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করবে। এ মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত CARAT একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক প্রশিক্ষণ উদ্যোগ, যার মাধ্যমে উভয় দেশের নৌবাহিনী যৌথ প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ লাভ করে। এ ধরনের যৌথ মহড়া অংশগ্রহণকারী বাহিনীগুলোর কার্যকর সমন্বয়, অপারেশনাল প্রস্তুতি এবং সমুদ্র নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক বোঝাপড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, নৌ-সহযোগিতা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে আরও সুসংহত করে। CARAT-2026-এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। যৌথ প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শেষে জাহাজ USS WARRIOR আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।