প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল নেতা এবং মুদি দোকানদার আহত হয়েছেন। আহতরা হলেন, জেলার তেরখাদা উপজেলার যুবদল নেতা মো. রামীম বিশ্বাস (৩২) ও নগরীর টুটপাড়া গাছতলা মন্দির এলাকার মুদি দোকানদার আকাশ কুন্ডু (৪৫)।
গতকাল শনিবার পৃথকভাবে ঘটনা দুটি ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। এ সময় তারা ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলি তাঁর পেটে লাগে এবং তিনি গুরুতর আহত হন।
আহত ধনঞ্জয় কুন্ডু খুলনা সদর থানাধীন গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তাঁর পিতার নাম শিবপদ কুন্ডু এবং মাতার নাম বিনা রানী কুন্ডু।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রামীম পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
খুলনা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।