প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনা জেলা প্রশাসনের দ্বিতীয় তলায় আইসিটি রুমে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খুলনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় জেলা প্রশাসনের সব কার্যালয় বন্ধ ছিল। সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের দ্বিতীয় তলায় আইসিটি রুমে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ৫-৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন তারা নিয়ন্ত্রণে নিলেও ৭টার পরও ওই রুম থেকে ধোয়া বের হতে থাকে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ নির্বাপন হয় সন্ধ্যা ৭টার দিকে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, জেলা প্রশাসনের আইসিটি রুমে সন্ধ্যায় খবর পেয়ে আমাদের ৫টা ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।