প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের মৃত আঃ গফুর সাহেবের পুত্র পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোঃ নাসিমুল গণী ওরফে নাসিম(৫৫) তার নিজ বাড়ির সামনে চায়ের দোকানে আততায়ীর গুলিতে নিহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে জানা গেছে, আজ রবিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় একটি মোটর চালিত ভ্যানে লুঙ্গি পরা দুই আততায়ী পূর্ব দিক থেকে আসে। তাদের একজন নাসিমকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে একই ভ্যানে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা পশ্চিম দিকে চলে যায়।
এলাকাবাসী জানায়, নাসিমুল গণী তার বাড়ির সামনের তৈয়েব আলীর চায়ের দোকানে বসা ছিল। আগন্তক ভ্যান দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ানোর সাথে সাথে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার মাথায় লাগে। এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স এবং সেনহাটি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই চিন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৩ টা গুলির খোসা, একটা ম্যাগজিন ও একটা চশমা উদ্ধার করেছে। নিহত নাসিমের বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ অন্যান্য মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে চায়ের দোকানের ভেতরে ও বাইরে মাটিতে রক্ত দেখা যায়। সেখান থেকে পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, ৩ টি গুলির খোসা, একটা ম্যাগজিন ও একটা চশমা পাওয়া গেছে। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনা পুলিশ তদন্ত করছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ক্রাইম সিন ঘটনাস্থলে আসেন এবং হত্যার আলামত পরীক্ষা করেন। বিআরএস, ডিবি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অবস্থান করছেন। নাসিমুল গণী ওরফে নাসিমের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আজ ময়না তদন্তের কাজ সমাপ্ত হওয়ার পর মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে ফরমাইশখানা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ আদায় শেষে নিজ এলাকার কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।