প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬

তথ্য প্রতিবেদক:
শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন কার্যক্রমের সফলতা উদযাপন উপলক্ষে খুলনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত ওয়ার্ড হিসেবে এই তিন ক্যাটাগরিতে মোট ২১টি ওয়ার্ডকে ঘোষণা করা হয়। এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের প্রকল্পগুলোর মধ্যে গত এক বছরে বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা শেষে উপরোক্ত বিষয়বস্তুর উপর স্থাপিত ৬টি স্টল পরিদর্শন করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রূপসার নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২ এর আয়োজনে এবং ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২ এর অন্তর্গত প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের শাহানারা শানু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক এর সহকারী পরিদর্শক মোঃ শাহিনুর রহমান, সিএসএস এর শিক্ষা শাখার পরিচালক ডেভিড টমাস গোমেজ, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কেসিসির কর্মকর্তা ও ১-৩১টি ওয়ার্ডেও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, চাইল্ড ফোরাম, ইউথ ফোরামের নেতৃবৃন্দ, ধর্মীয় ও বিভিন্ন এজিও প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। একটি শিশুকে বিদ্যালয় থেকে ঝরে পড়া কিংবা অল্প বয়সে বিয়ের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ঠেলে দেওয়া মানে তার ভবিষ্যৎ সম্ভাবনাকে বাঁধাগ্রস্ত করা। তাই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শুধু কোনো একটি এলাকাকে বাল্যবিবাহমুক্ত বা ঝরে পড়ামুক্ত ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এ অর্জন ধরে রাখতে নিয়মিত নজরদারি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিতে থাকা শিশুদের পাশে দাঁড়ানো জরুরি। কোনো শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ার আগে তার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি ওয়ার্ল্ড ভিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা, ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় বিভিন্ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় শিশু, অভিভাবক, স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি সুরভী বিশ্বাস বলেন, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে কোনো শিশুকে যেন বঞ্চিত হতে না হয়, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।