১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:০৯

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের ছেলে সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন