৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৩২

প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে আসছেন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে প্রথমে মোংলায় আসবেন তিনি। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনায় এসে জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বুধবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো শহর পরিচ্ছন্ন করা হয়েছে।
জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর রংবেরঙের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। এবারই প্রথম সরকারপ্রধানের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরজুড়ে নেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমন প্রসঙ্গে কেসিসি প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসবেন, সে জন্য মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন