প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬

তথ্য প্রতিবেদক : পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি, পরিকল্পনাকারী এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
গ্রেফতারকৃতরা হলেন-মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও ইব্রাহিম গাজী (৪২)।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৬ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি এবং ডাকাতির একাধিক মামলার রেকর্ড রয়েছে। এছাড়া সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিরাজ ও ইব্রাহিম উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কেএমপির খুলনা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা জেলার এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে গুরুতর জখম করা হয়।
পরে শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরদিন রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেয় খুলনা জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।