প্রকাশিত: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত:

তথ্য প্রতিবেদক:
খুলনার নারী উদ্যোক্তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোক্তা নারীদের মাঝে মূলধনের সহায়তা প্রদান-২০২৬ ও সুরক্ষিত শৈশব, সুস্থ জীবন, এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে নিবন্ধিত শিশুদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আওতাধীন ওমেন ইকোনোমিক এমপাওয়ারমেন্ট প্রোজেক্ট এবং খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। বক্তব্য রাখেন খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা। এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস, উপকারভোগী নারী ও নিবন্ধিত শিশুবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে এবং উপকারভোগী নারীদের নির্বাচন প্রক্রিয়া তুলে ধরেন। তিনি আরও বলেন, নির্বাচন করতে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কেসিসির ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এলাকার জনজনের সহায়তা নিয়েছেন। ৩১ টি ওয়ার্ডের মোট ৬শ’ জন নারীকে তারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করছেন। তিনি আরও বলেন, উপকারভোগী নারীদের শর্ত দেয়া হয়েছে তারা যেন তাদের কাপড় ব্যবসা, দর্জি প্যাকেজিং, হাঁস মুরগী পালন, হস্তশিল্পসহ সকল ক্ষুদ্র ব্যবসাগুলি সততা ও নিষ্ঠার সাথে করে ব্যবসার উন্নতি সাধন করেন। নিজেদের শিশুদের বিদ্যালয়মুখী করেন এবং বাল্য বিবাহ ও শিশুশ্রম থেকে বিরত থাকেন।
প্রধান অতিথি হুরে জান্নাত উপকারভোগী নারীদের উদ্দ্যেশ্যে বলেন, তারা যেন ওয়ার্ল্ড ভিশনের দেয়া এই আর্থিক সহায়তার টাকা ব্যবসার পুঁজি হিসেবে ধরে রেখে ব্যবসা বড় করেন। এর পাশাপাশি স্ট্রিট ফুড এর ব্যবসাকে প্রসারিত করতে পারেন। বাল্য বিবাহ ও শিশুশ্রম থেকে বিরত থাকেন। প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, লিংকেজ সিস্টেমের মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করলে লাভবান হতে পারবেন। এরপর তিনি আগত উপকারভোগী নারীদের মাঝে মূলধন সহায়তা প্রদান করেন।
এর পরপরই তিনি একই স্থানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ৪৫০ জন নিবন্ধিত শিশুদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন।