প্রকাশিত: মে ১৯, ২০২৬

তথ্য প্রতিবেদক: খুলনা শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১ টায় নগরীর নতুন বাজারস্থ সিএসএস আভা সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডাইরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ স্বাগত বক্তব্য ও গবেষণার উদ্দেশ্যসমূহ তুলে ধরেন। এসময় বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ল্ড ভিশন এর কার্যক্রমের বিষয়ক উপস্থাপনা করেন খুলনা এরিয়া প্রোগ্রামের কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। এছাড়া উন্মুক্ত আলোচনা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ ও ২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস এবং উপস্থাপনা করেন শহর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস সামুয়েল সোম।
অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নসহ শিশুর স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা এবং পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, বাল্য বিবাহ নিয়ে পূর্বের তুলনায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম নিয়ে সরকারি অনেক সংস্থা কাজ করলেও এখনো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। তিনি শিশু শ্রম বন্ধ এবং প্রাথমিক শিক্ষা থেকে শিশুরা যেন ঝরে না পড়ে সেজন্য কেসিসি’র সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সমন্বয়ের জন্য নগর ভবনে একটি পৃথক শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।