প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬

খুলনা ব্যুরো : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার খুলনায় আসছেন। তিনি খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।
তার এই আগমন উপলক্ষে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আনন্দ মূখর পরিবেশে তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে খুলনাবাসী। দীর্ঘ ২২ বছর পর তার খুলনায় আগমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার সব আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী হতে সবচেয়ে বড় সহায়ক হবে।
খালিশপুরের জনসভায় তিনি খুলনা-বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার বিএনপির ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
দলীয় চেয়ারম্যানের খুলনা আগমন উপলক্ষে দলীয় চেয়ারম্যানের খুলনা আগমন উপলক্ষে আজ রোববার নগরীর একটি হোটেলে বিএনপি খুলনা মহানগর ও জেলা আয়োজিত প্রেসব্রিফিংএ একথা জানান খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রবিকুল ইসলাম বকুল।
প্রেসব্রিফিং এ বকুল বলেন, চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসার পর শিল্প নগরী খুলনার মিল-কারখানা চালু, পাইপলাইনে খুলনায় গ্যাস সরবরাহ, খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংস্থানসহ বিভিন্ন বিষয় তার কাছে উত্থাপন করা হবে। শিল্প নগরী খুলনার শ্রমিকদের চাওয়া পাওয়া তাকে জানানো হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চান খুলনাকে আধুনিক শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে। কারণ এখানে শিল্প নগরী জীবিত না হলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।
প্রেসব্রিফিংএ খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য খলনার মানুষ মুখিয়ে আছে। খুলনার সবগুলো আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল ইসলাম মনা, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা-৬ আসনের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।