চট্টগ্রাম, ০৮ অক্টোবর ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শনকালে তিনি সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএল-এর সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি সিডিডিএল এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান।
দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং এর কার্যক্রম পরিচালনা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএল-কে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সিডিডিএল এ পর্যন্ত ১০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কন্টেইনার ভেসেল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে। সিডিডিএল জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা প্রদান করছে।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিডিএল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে। জাহাজ মেরামত ও নির্মাণের পাশাপাশি দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতেও সিডিডিএল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণে প্রতিষ্ঠানটি দক্ষতার স্বাক্ষর রেখেছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CCCI) ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (BIAA)-এর সদস্যপদ লাভ করেছে। সিডিডিএলের বহুমুখী সক্ষমতা ও চলমান উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, জাতীয় শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত