প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস
আলী আজীম, মোংলা : সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার সংবাদকে ভিত্তিহীন, কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।
সোমবার (৫ অক্টোবর) মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ জামান খান পপ্পু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে 'সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা টোয়াসের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সংগঠনটির দাবি, প্রকাশিত ঘটনার সঙ্গে কোনো পর্যটকবাহী জাহাজের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের পর্যটক ও পর্যটন নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করেন। টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।
টোয়াসের ভাষ্য, সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাদের জানিয়েছেন, রাত ৯টার দিকে স্থানীয় জেলেরা একটি সন্দেহজনক নৌযান চলাচলের খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টোয়াস নেতারা বলেন, সুন্দরবনের পেরিফেরি এলাকায় স্থানীয় জেলে ও দস্যুদের মধ্যে বিরোধ বা সংঘাতের ঘটনা ঘটতে পারে। বন বিভাগের সদস্যরা এসব ঘটনায় নিয়মিত ব্যবস্থা নেন। তবে এমন ঘটনাকে পর্যটনকেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উপস্থাপন করলে সুন্দরবন নিয়ে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।
তারা জানান, দুই থেকে তিন দশক ধরে তারা সুন্দরবনে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। পর্যটকবাহী জাহাজে বন বিভাগের সদস্য ও নিরাপত্তারক্ষীরা থাকেন এবং রাতে সাধারণত বন বিভাগের কার্যালয়ের কাছাকাছি অবস্থান করেন।
টোয়াসের দাবি, সুন্দরবনের পর্যটনের সঙ্গে স্থানীয় অর্থনীতি ও দেশের পর্যটন ভাবমূর্তি জড়িত। তাই কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ দ্রুত প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন। পাশাপাশি সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত