পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সড়কের গাইডওয়ালের ভেতরে প্রয়োজনীয় মাটি ভরাট না করেই নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে। পরে ফাটল দেখা দিলেও ত্রুটির কারণ নিরসন না করে উপরিভাগে সামান্য সংস্কার করে তা ঢাকার চেষ্টা করা হয়েছে।
এ অবস্থায় কাজের মান, তদারকি ও বিল পরিশোধের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, পাইকগাছা পৌরসভার পুরনো খাদ্য গুদাম এলাকা থেকে সড়কটি শুরু হয়ে আকবর মাস্টারের বাড়ির সামনে দিয়ে মসজিদ হয়ে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মূল সড়কে গিয়ে মিশেছে। গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কের পুরনো খাদ্য গুদামের সামনে থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত অংশের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের গাইডওয়ালের ভেতরে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গাইডওয়ালের আশপাশে পর্যাপ্ত মাটি না থাকায় সড়কের ঢালাই অংশে চাপ সৃষ্টি হয়ে ফাটল দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
ফাটল দেখা দেওয়ার পর সংশ্লিষ্টরা তা সংস্কার করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, মূল ত্রুটি নিরসনের পরিবর্তে ফাটলের ওপর সামান্য সামগ্রী দিয়ে কোনোমতে লেপে দেওয়া হয়েছে।
তাদের ভাষ্য, এতে ফাটল সাময়িকভাবে চোখের আড়াল হলেও সড়কের ভেতরের কাঠামোগত দুর্বলতা দূর হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে, নির্মাণকাজের বিল উত্তোলনের চেষ্টার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন থাকা এবং কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি অবশ্যই যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে ওডি এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আমিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এক সপ্তাহের মধ্যে গাইডওয়ালের ভেতরে মাটি ভরাট করে দেব। সড়কের ফাটলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা ঠিক করে দেব।
বিল পরিশোধের বিষয়ে পাইকগাছা পৌরসভার প্রকৌশলী এমএম নুর আহম্মদ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কাজ দেখে তারপর বিল পরিশোধ করব। কোনো জায়গায় ত্রুটি থাকলে বিল দেওয়া হবে না।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত