তথ্য প্রতিবেদক:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল হাকিম খান।
এ সময় তার ছোট ছেলে আব্দুল নয়ন খান ও মামাতো ভাই মো: রাসেল তালুকদার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আব্দুল হাকিম খান অভিযোগ করেন, গত ২ জুলাই বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার কে.কে. পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাসলিমা বেগমের ছেলে মাহিম মাদক সেবন করছিলেন। বিষয়টির প্রতিবাদ করলে তার ছেলে আব্দুল নয়ন খানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সে পোলেরহাট আলহাজারিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী হওয়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি আরও জানান, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলতুবুরুজ বাড়ি গ্রামের কে.কে. পোলেরহাট বাজারে মুন্না খানের নেতৃত্বে মারুফ শিকদার, মাহিম খান, শান্ত শেখসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই ঘটনার পর তাসলিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ: ৪ জুলাই ২০২৬)। মামলায় আব্দুল হাকিম খানসহ তার চাচাতো ভাই কামাল খান, ছেলে আব্দুল নয়ন খান এবং প্রতিবেশী আব্দুল কালামকে মিথ্যাভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কাটাবুনিয়া গ্রামের রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট এলাকায় তাসলিমা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম খান আরও অভিযোগ করেন, মুন্না খান সম্প্রতি কাবুল মোল্যা হত্যা মামলায় কারাভোগ শেষে এলাকায় ফিরে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না বলেও তিনি দাবি করেন।
তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এলাকাবাসীকে রক্ষায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী পক্ষের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত