তথ্য প্রতিবেদক:
বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংস্থাটির ক্ষুদ্রঋণ কর্মসূচির সুবিধাভোগী পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।
রোববার (১২ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএসের নির্বাহী পরিচালক রেভারেন্ড মার্ক মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশে এখনো সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা সহজ নয়। ঋণ নিতে নানা ধরনের কাগজপত্র, জামানত ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অন্যদিকে এনজিওগুলো বড় ধরনের শর্ত বা সম্পত্তি বন্ধক ছাড়াই মানুষের দোরগোড়ায় গিয়ে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে অর্থায়নের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে এনজিও খাত। এ ক্ষেত্রে সিএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, এনজিওগুলোর উদ্বৃত্ত আয়ের ২০ শতাংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার নির্দেশনা রয়েছে। সিএসএস ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষায় বিনিয়োগই একটি দক্ষ, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি।
সভাপতির বক্তব্যে সিএসএসের নির্বাহী পরিচালক রেভারেন্ড মার্ক মুন্সী বলেন, ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিএসএসের যাত্রা শুরু হয়। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি দারিদ্র্য বিমোচন, মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিএসএসের বিভিন্ন কর্মসূচির সুফল পাচ্ছেন।
তিনি জানান, সিএসএস ১০০ শয্যার হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করছে। পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট, রেভারেন্ড পলস হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া দেশের ৪১টি জেলায় ২২২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর সিএসএসের ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারের ১২৩ জন মেধাবী শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পাচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠিতে সিএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত