তথ্য প্রতিবেদক:
শিশুশ্রমমুক্ত খুলনা গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিনিধি, এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)-এর উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় নগরীর বয়রাস্থ বিএইএম ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, ইউএনডিএস সদস্য, সিবিও প্রতিনিধি, চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্য, শিশুশ্রমে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২-এর ম্যানেজার সুরভী বিশ্বাস। তিনি বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২০২৯ সালের মধ্যে খুলনা শহরকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। গত বছর দুইটি ওয়ার্ডের ২৫ জন শিশুকে শ্রম থেকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। চলতি বছরে আটটি ওয়ার্ডের ১২৯ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিশুদের অভিভাবকদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি শিশুকে শ্রম থেকে সরিয়ে বিদ্যালয়ে পাঠানোর শর্তে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্টের প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস স্যামুয়েল সোমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইয়ুথ ফোরাম, ইউএনডিএস ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা। বক্তারা শিশুশ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক অর্থনৈতিক সক্ষমতা উন্নয়ন, শিক্ষায় ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, শিশুশ্রম নির্মূলে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত